সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাড়ির চালক মো. জাবেদ আহমদ (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে গেছে।
রোববার সকালে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী উপপরিদর্শক মনিতা সিনহা, সিপাহী রাজব গোয়ালা, মাহিন খান ও রিফাতসহ একটি দল অংশ নেয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় একটি কালো রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার এবং চালক জাবেদ আহমদকে আটক করা হয়। এ ঘটনায় আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।
জব্দ করা গাঁজা, প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপসহকারী পরিদর্শক মনিতা সিনহা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাইভেটকারের চালকসহ তিনজন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রিজ এলাকা থেকে কালো রঙের একটি প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙা ব্রিজ এলাকায় গাড়িটিতে অভিযান চালিয়ে গাঁজা ও প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়।
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।