নিজস্ব প্রতিবেদক:
সকলের সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর-২ এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন’ রাখার ঘোষণা দিয়েছেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় অনুশাসন জারি করেছেন। অনুশাসন জারির পর ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত রাখা এবং মশা নিয়ন্ত্রণে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি সপ্তাহে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়। প্রতিটি পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানকে এ কার্যক্রমে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, “ঢাকা শহর আপনার, আমার—সবার। এই শহরকে পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। চলার পথে হাতে থাকা টিস্যু বা ছোট পানির কন্টেইনার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আমরা সবাই সচেতন হলে রাস্তার পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা থাকবে না। আমরা চাই নগরবাসীকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর উপহার দিতে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ডিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে নগরবাসীকে সিটি করপোরেশনের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।