স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম উপমহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
মানবপাচার রোধ, নিরাপদ অভিবাসন ও সীমান্ত সুরক্ষায় সহযোগিতা জোরদারের আলোচনা
Writing
দৈনিক ঢাকার কণ্ঠ ডেস্ক | ঢাকা | ০৪ আগস্ট ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে অনুষ্ঠিত এ বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা, মানবপাচার প্রতিরোধ, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে বিদ্যমান সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আইওএম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। ভবিষ্যতে উভয় পক্ষের সহযোগিতা আরও সুসংহত ও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী মানবপাচার প্রতিরোধ, অভিবাসন গভর্নেন্স, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং সীমান্ত ব্যবস্থাপনায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, মানবপাচার একটি জঘন্য অপরাধ এবং অধিকাংশ মানুষ লোভ, অজ্ঞতা ও সচেতনতার অভাবের কারণে এর শিকার হয়। এ অপরাধ প্রতিরোধে সরকার সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে, যা সীমান্ত অপরাধ ও মানবপাচার রোধের পাশাপাশি জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করবে।
আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আইওএম বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। মানবপাচার প্রতিরোধে সমন্বিত তথ্য ব্যবস্থাপনা ও তথ্য আদান-প্রদানের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনার এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী পাচারকারী চক্র সম্পর্কিত তথ্য-উপাত্ত বিষয়ে জানতে চাইলে উগোচি ড্যানিয়েলস জানান, আইওএম এবং ইন্টারপোলের কাছে মানবপাচারের প্রবণতা ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হয়ে থাকে। তিনি বলেন, পাচারকারী চক্র শনাক্তকরণে আইওএম কার্যকর সহায়তা প্রদান করতে সক্ষম।
উল্লেখ্য, বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফরের অংশ হিসেবে (১–৫ আগস্ট ২০২৬) আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস এ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশে আইওএম-এর নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম-বন্ডে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইওএম-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।