রাজিয়া শিকদার রিয়া: সহ-সম্পাদক
ঢাকা, বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শারীরিক বা অন্য যেকোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিশুর মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অডিটোরিয়ামে ইমপ্রেস টেলিফিল্মের আয়োজনে দুই হাতহীন অদম্য মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনে সফলতার মূল ভিত্তি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস। লক্ষ্য স্থির রেখে নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে একজন শিক্ষার্থী ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল পদেও অধিষ্ঠিত হতে পারে।
তিনি বলেন, “আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্য আমাদের শেখায়, শারীরিক সীমাবদ্ধতা কখনোই মানুষের অগ্রযাত্রার অন্তরায় হতে পারে না। দৃঢ় ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে প্রতিকূলতাকে জয় করা সম্ভব। তবে আমরা চাই, আয়েশার সাফল্য যেন ব্যতিক্রম না হয়ে দেশের প্রতিটি শিশুর অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।”
ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না এবং সকল শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।
তিনি আরও জানান, অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানতে পারেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ সিদ্ধান্ত মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।”
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই হাতহীন অদম্য মেধাবী তরুণী আয়েশার সংগ্রাম, আত্মবিশ্বাস এবং সাফল্যের অনুপ্রেরণামূলক জীবনগাথা নিয়ে নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। তথ্যচিত্রটি সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সমান সুযোগ এবং মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেছে।